মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ও সাইবার সুরক্ষা আইনের একাধিক মামলার পলাতক আসামি শামীম রেজাকে (৩২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর (বাজারপাড়া) গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রাত ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার ওসি প্রদীপ কুমার সানা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে শামীম রেজাকে গ্রেফতার করে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আন্তর্জাতিক ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশে-বিদেশে অর্থ পাচার এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া দ্রুত আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে জুয়ার ফাঁদে ফেলার অভিযোগে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা চলমান।
ডিবি কর্মকর্তা প্রদীপ কুমার সানা জানান, গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বাকিদের চিহ্নিত করতেও পুলিশি অভিযান অব্যাহত থাকবে।