বাগেরহাটের মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন শিকদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) বিকালে সিগন্যাল টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, গত রবিবার (১৬ আগস্ট) দুপুরে মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি মাছের ঘেরে ভুক্তভোগীকে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত সুমন শিকদার। ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে শুক্রবার তার বাবা মাকে বিষয়টি জানায়। এর পর দ্রুত ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করানো হয়। বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ শুক্রবার বিকালেই সুমন শিকদারকে আটক করে।
ওসি আতিকুর রহমান আরও জানান, মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। আটক আসামি সুমন শিকদার মোংলার সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা কাঞ্চনের ছেলে।
এদিকে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। তারা সুমন শিকদারের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।