৩ ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেফতার, কক্ষে যৌন উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন মাদ্রাসাছাত্রকে ধারাবাহিকভাবে ধর্ষণের অভিযোগে করা ঘটনায় আবুল বাশার (৩৩) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা কোটচাঁদপুর থানায় মামলা করলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আবুল বাশার কোটচাঁদপুরের হরিন্দিয়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। কোটচাঁদপুর পৌরসভার দুধসর এলাকায় দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি। ভুক্তভোগী তিন জন ওই মাদ্রাসার আবাসিক ছাত্র। 

তাকে গ্রেফতারের পর পুলিশ জানায়, মাদ্রাসায় ওই শিক্ষকের কক্ষ থেকে যৌন উত্তেজক হারবাল ওষুধ উদ্ধার করা হয়েছে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি জানিয়েছেন।

ওসি বলেন, ‌‘গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে মাদ্রাসার তিন ছাত্রকে ধর্ষণ করেন প্রধান শিক্ষক আবুল বাশার। সোমবার এক শিক্ষার্থীর দাদা মাদ্রাসায় গেলে তার নাতি ভুক্তভোগী একজন ঘটনাটি জানান। দাদা বাড়ি ফিরে গিয়ে পরিবারকে বিষয়টি জানালে তারা পরে মাদ্রাসায় এসে ওই শিক্ষকের ওপর চড়াও হয়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পর মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করে। এ সময় ওই শিক্ষকের কক্ষ থেকে যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। রাতে ভুক্তভোগী এক ছাত্রের বাবা থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।’ 

তিনি বলেন, ‘গ্রেফতার আবুল বাশারকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ভুক্তভোগী আরেক ছাত্রের অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে এমন জঘন্য ঘটনা কোনোভাবেই অভিভাবকদের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই আমরা।’