আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে যশোরের ৪৩টি স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত। অভিযানে ৩৪টি অবৈধ মোটরসাইকেল, ১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও তিন জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। অভিযান শেষে জেলা পুলিশের মিডিয়া সেলে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, যশোর জেলার ৯টি থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ট্রাফিক পুলিশ যশোর কর্তৃক জেলার ৪৩ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। এর মধ্যে শহরের মণিহার, ধর্মতলা, দড়াটানা, নিউমার্কেট, হাইকোর্ট মোড়সহ গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে একযোগে চেকপোস্ট বসানো হয়।
এ সময় বিভিন্ন যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়। ৪৩টি চেকপোস্টে ১৭শ’র অধিক মোটরসাইকেল ও প্রাইভেটকার তল্লাশি করা হয়। অভিযানে ৩৪টি অবৈধ মোটরসাইকেল, ১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও তিন জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে চাকু উদ্ধার করা হয়। বিশেষ করে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল শনাক্ত, বৈধ কাগজপত্র যাচাই এবং যানবাহনে অবৈধ অস্ত্র, মাদক বা অন্য কোনও অপরাধমূলক সামগ্রী পরিবহন করা হচ্ছে কিনা, সেদিকে নজরদারি করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘পুরো জেলাজুড়েই পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এটি একদিনের অভিযান নয়। এটি ধারাবাহিক চলবে। মঙ্গলবার জেলার নয়টি থানা, ডিবি ও ট্রাফিক বিভাগের যৌথ সহায়তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এর আগে গত রবিবার জেলাজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।’