মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গালাগালিসহ হুমকি দিয়ে ভিডিও পোস্ট করার অপরাধে সঞ্জয় কুমার দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাতে আটককৃত সঞ্জয় কুমার তার নিজ ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অকথ্য ভাষায় গালাগালিসহ হুমকি দিতে থাকেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে পুলিশের নজরে আসে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে আটক করে সদর থানায় নিয়ে আসে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে গালাগালির ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করার কারণে সঞ্জয় কুমার নামের ওই যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।