শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ

কুষ্টিয়ার দৌলতপুরে শিয়ালের টানাটানিতে খড় ও ঘাস দিয়ে ঢেকে রাখা এক অজ্ঞাত যুবকের মরদেহ বেরিয়ে এলে তা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল এলাকায় মাঠের মধ্যে ইট বিছানো সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় এক কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় শিয়ালের এই টানাটানি দেখে চিৎকার দিলে ঘটনাটি সবার সামনে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঠে কাজ করতে যাচ্ছিলেন এক কৃষক। হঠাৎ দেখতে পান রাস্তার পাশে খড়ের নিচে লুকানো কিছু একটা নিয়ে টানাটানি করছে কয়েকটি শিয়াল। অস্বাভাবিক দৃশ্য দেখে থমকে দাঁড়ান। কাছে গিয়ে দেখেন বস্তুটি এক যুবকের মরদেহ। এরপর তার চিৎকারে আরও মানুষ এসে জড়ো হয়।
খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো মনে হচ্ছে। এটির মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে। এ জন্য ঝিনাইদহ থেকে সিআইডির ক্রাইমসিন টিম এসেছে।’

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাচ্ছিলেন। নির্জন সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান, কয়েকটি শিয়াল একটি বস্তু নিয়ে টানাটানি করছে। কাছে এগিয়ে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। পরে তিনি দেখতে পান, ঘাস ও খড় দিয়ে ঢেকে রাখা হয়েছে অজ্ঞাতনামা যুবকের মরদেহ।বিষয়টি দেখে সানাউল্লাহ চিৎকার দিলে আশপাশের মাঠে থাকা অন্য কৃষকেরা ছুটে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, ‘শিয়ালের টানাটানিতে মরদেহটি খড়ের বাইরে বেরিয়ে আসে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। পরে তারা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’