ক্ষমতায় এসেই জলাশয় দখলমুক্ত করেছে বিএনপি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

খাসজমি ও উন্মুক্ত জলাশয় দখলদারদের বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, প্রভাবশালীরা খাসজমি ও জলাশয় দখল করে রাখলেও বিএনপি তাদের পক্ষে নয়, সাধারণ মানুষের পক্ষে থেকে পরিবেশ রক্ষায় কাজ করছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে যশোরের ক্রাইস্ট চার্চ ট্রেড স্কুলের সম্মেলনকক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর উন্মুক্ত জলাশয় প্রভাবশালীদের দখলমুক্ত করেছে। মানুষ যেন স্বাভাবিকভাবে নিশ্বাস নিতে পারে, সে জন্য পরিবেশ রক্ষায় কাজ করা হচ্ছে। যশোরের নদী ও খালের অবৈধ দখল উচ্ছেদ এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, অতীতের সরকারগুলোর উদ্যোগের ধারাবাহিকতা না থাকায় এ সংকট তীব্র আকার ধারণ করেছে। পানিসম্পদ, কৃষি ও আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করে স্থানীয় অংশীজনদের মতামতের ভিত্তিতে দ্রুত ভবদহের জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধান খোঁজা হবে।

এ ছাড়া ঐতিহাসিক যশোর-বেনাপোল সড়কের প্রাচীন গাছগুলো রক্ষা করেই সড়ক উন্নয়নের আশ্বাস দেন অনিন্দ্য ইসলাম অমিত।

পরিবেশ সুরক্ষায় লেড-অ্যাসিড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম-আয়ন ব্যাটারির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ ধরনের ব্যাটারি ব্যবহার বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশদূষণ কমাতে সহায়তা করবে। ঢাকার উত্তরখানে ডেসকোর মাধ্যমে চালু করা পরীক্ষামূলক প্রকল্পটি পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বাপার যশোর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং বাপার কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মাদ তালুকদারসহ স্থানীয় পরিবেশকর্মীরা।