সুন্দরবনে দস্যুদের জিম্মি থেকে উদ্ধার ৪ জেলে

সুন্দরবনে দস্যু সম্রাট বাহিনীর জিম্মি থেকে চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে খুলনার দাকোপের শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। তারা সবাই খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা।

সোমবার (১২ অক্টোবর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, দাকোপের সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় দস্যু সম্রাট বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রবিবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়। এ সময় দস্যুদের জিম্মি করে রাখা চার জেলেকে উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা জেলেদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া জেলেরা জানান, গত শনিবার (১০ অক্টোবর) মাছ ও কাঁকড়া ধরতে তারা সুন্দরবনে যান। সেখানে দস্যু সম্রাট বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে জিম্মি করে রাখে। মুক্তিপণ আদায়ের উদ্দেশে তাদের ওপর নির্যাতনও চালানো হয়।

সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে বলে জানানো হয়েছে।

কোস্ট গার্ডের আশা, সরকারি নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা সম্ভব হবে।