সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ফেসবুক লাইভ ও পোস্টের মাধ্যমে উস্কানি ছড়ানোর পর ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল জলিল বাদী হয়ে দেবহাটা থানায় হত্যা মামলা করেছেন। মামলায় ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০০ থেকে ২৫০ জনকে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে মামলাটি করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি মোক্তার হোসেন ও আসাদুল মোল্লা।
দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বলেন, দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রাম থেকে মোক্তারকে গ্রেফতার করা হয়। আজ সকাল সাড়ে নয়টার দিকে নাজিরের ঘের নামের স্থান থেকে আসাদুলকে গ্রেফতার করা হয়েছে। দুজনই এজাহারভুক্ত আসামি। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার এজাহার ও স্বজনদের সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে গালিগালাজ করেন মানসিক রোগে আক্রান্ত শামীম। এ সময় স্থানীয় এক ব্যক্তি তার কথাবার্তার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ওই অডিওতে কটূক্তি রয়েছে দাবি করে স্থানীয় ফজলুল হক আমিনী ফেসবুক লাইভে এসে ‘তৌহিদী জনতা’কে একত্র হওয়ার আহ্বান জানান।
এরপর উত্তেজিত একদল মানুষ শামীমের বাড়ির ফটক ভাঙচুর করে তাকে বাজারে নিয়ে মারধর করে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে শামীম বিষপান করেন। রাতে তাকে কুলিয়া এলাকার এক গ্রাম্য চিকিৎসকের চেম্বারে নেওয়া হয়। সেখানে পাকস্থলী পরিষ্কারের পর তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিলো। তবে মঙ্গলবার রাতে ফজলুল হক আমিনী ও তার অনুসারীদের বিরুদ্ধে চিকিৎসাধীন শামীমকে চেম্বার থেকে বের করে আবারও মারধরের অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযোগ অনুযায়ী, এরপরও হামলা থামেনি। আমিনীর নেতৃত্বে এক হাজারের বেশি মানুষ হাসপাতালে গিয়ে হামলা চালায়। এ সময় চিকিৎসাধীন শামীমকে দেয়ালে আছড়ে ফেলে বাইরে নিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শামীমের ছোট ভাই তাওসিফ রহমান বলেন, আমরা জানতে পেরেছি, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য যারা জড়িত, তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জেনেছি। আমরা চাই এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হোক।
মামলার এজাহারে কী বলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তাওসিফ জানান, মামলার তদন্ত ও আসামিদের গ্রেফতারের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ না করার জন্য পুলিশ অনুরোধ জানিয়েছে। এ কারণে এখনই সব তথ্য তারা প্রকাশ করতে চান না।
প্রধান আসামি ফজলুল হক আমিনী এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাওসিফ। তার অভিযোগ, আমিনী এখনও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিচ্ছেন।
দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের বাসিন্দা ফজলুল হক আমিনীর ফেসবুক প্রোফাইলের নাম ‘Fh Ameni’। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ৩৬ মিনিটেও ওই প্রোফাইল থেকে একটি পোস্ট দেওয়া হয়। এতে ফজলুল হক লিখেছেন, আমি আপনাদের মাঝে থাকবো না, যেকোনও সময় আমাকে গ্রেফতার করা হবে, কিন্তু মোনাজাতে আমাকে শামিল রাখবেন। তামাম বিশ্ববাসী আমাকে নিয়ে বাজে মন্তব্য করলেও কিছু যায় আসে না, যদি আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। এ যুগের গাজী ইলমুদ্দিন হিসেবে আমাকে এবং এই অপারেশনে যারা অংশগ্রহণ করেছিল সকলকে যেন কবুল করে নেন।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টা ২২ মিনিটে শামীমকে নিয়ে একটি পোস্ট দেন ফজলুল হক আমিনী। ওই পোস্টের সঙ্গে শামীমের একটি কথোপকথনের অডিও যুক্ত করেন তিনি। তারও আগে বৃহস্পতিবার দুপুর ১টা ২৬ মিনিটে দেওয়া আরেকটি পোস্টে শামীমের মানসিক অসুস্থতার দাবিকে প্রশ্নবিদ্ধ করেন ফজলুল হক আমিনী।