টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ৩

যশোরের শার্শায় অল্প টাকা জমা দিয়ে কয়েক দিনের মধ্যে দ্বিগুণ পাওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মাস্টারপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাবিবুর রহমান (৫০) ও বকুল হোসেন (৫০) এবং শার্শা উপজেলার রামপুর গ্রামের রেজাউল হোসেন (৬০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি বিশেষ দল বাগুড়ী গ্রামের আক্কাস আলী মাস্টারের বাড়িতে অভিযান চালায়। বাড়িটির নিচতলার একটি কক্ষ থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তারা সেখানে ভাড়া থাকতেন। বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

অভিযানে নগদ টাকা ছাড়াও তিনটি স্মার্টফোন, এক হাজার টাকার নোটের আদলে তৈরি আটটি কাচের টুকরো, দুটি লালসালু কাপড়, দুটি লাল রঙের কাটিং সুতা ও একটি পুরোনো নীল হ্যান্ডব্যাগ জব্দ করা হয়।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে শুক্রবার বিকেলে যশোর আদালতে পাঠানো হয়।

পুলিশের ভাষ্য, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছিল। অল্প টাকা জমা দিলে কয়েক দিনের মধ্যে দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখাতেন তারা। এ কাজে কাচের টুকরো, লাল কাপড় ও সুতা ব্যবহার করে মানুষকে প্রলুব্ধ করা হতো বলে অভিযোগ রয়েছে।