নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

খুলনার তেরখাদায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) দিনগত গভীর রাতে তেরখাদা উপজেলার মধুপুর শ্যামনগরের পুরাতন প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছেন। এ ঘটনায় পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে।

গ্রেফতার যুবকরা হলো তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের মিকাঈল শেখের ছেলে সামিউল শেখ (২৮), একই গ্রামের মো. আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) ও আশরাফ শরীফের ছেলে শাহাজাহান শরীফ (৩৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী ওই নারী খুলনা নদী পার হয়ে দিঘলিয়া যাওয়ার জন্য তেরখাদা উপজেলার ৬ নং মধুপুর ইউনিয়নের বেলেঘাটে অপেক্ষা করছিল। এ সময়ে জেলেরা তাকে নদী পার করে দেওয়ার কথা বললে সে নৌকায় ওঠে। জেলেরা নৌকা দিঘলিয়ার দিকে না নিয়ে উপজেলার মধুপুর শ্যামনগর পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণ করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এই তিন জনকে আটক করে।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।