খুলনায় পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সফর চলাকালে তেরখাদা উপজেলায় গুলিবিদ্ধ এক যুবদল নেতা আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেরখাদা থানার পরিদর্শক (তদন্ত) কবির আহমেদ।
আহত রামীম বিশ্বাস (৩২) পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে। তিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল মোল্লা।
পুলিশ কর্মকর্তা কবির আহমেদ বলেন, শনিবার বেলা ১১টার দিকে ভ্যানে করে কোলাবাজারের উদ্দেশে যাচ্ছিলেন রামীম। আইনাল মোল্লার বাড়ির সামনে প্রধান সড়কে মোটরসাইকেলে আসা ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলি তার পিঠের ডান পাশে লাগে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
কারা এ ঘটনায় জড়িত, তা তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।
এদিকে খুলনায় অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের মধ্যে জেলায় সফর করছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির
শনিবার দুপুরে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।