এবার খুলনা সদর থানা এলাকায় আকাশ কুন্ডু (৪৫) নামে একজন মুদি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সদরের দক্ষিণ টুটপাড়া ক্রসরোড গাছতলা মন্দিরের সামনে নিজ দোকানে বসা অবস্থায় তাকে গুলি করা হয়।
এতে ওই মুদি দোকানি পেটে গুলিবিদ্ধ হন। দুর্বৃত্তরা গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। রক্তাক্ত অবস্থায় আকাশ কুন্ডুকে স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ কুন্ডুর মুদি দোকান ক্রসরোড গাছতলা মন্দিরের সামনে। সন্ধ্যায় তিনি দোকানে বসেছিলেন। হঠাৎ মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি গুলি করে চলে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে দেখেন তার তলপেটে গুলি লেগেছে। তখন স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় আকাশ কুন্ডুকে স্থানীয় লোকজন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।’
সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘গুলিবিদ্ধ আকাশ মুদি দোকানি। ঘটনার তদন্ত চলছে। গুলির ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।’
এর আগে বেলা ১১টার দিকে খুলনায় পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সফর চলাকালে তেরখাদা উপজেলায় গুলিবিদ্ধ হয়েছেন যুবদলের এক নেতা। উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেরখাদা থানার পরিদর্শক (তদন্ত) কবির আহমেদ।
আহত রামিম বিশ্বাস (৩২) পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে। তিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল মোল্লা।