খুলনায় বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামে এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাড়িওয়ালা মজলিশ খানকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া শতরূপার মোড়সংলগ্ন বকুল বাগান এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত রকিবুল রোববার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িভাড়া নিয়ে বাড়িওয়ালা মজলিশ খান ও ভাড়াটিয়া রকিবুল ইসলামের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বিরোধের জেরে লাঠির আঘাতে গুরুতর আহত হন রকিবুল। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।
সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বাড়িভাড়া নিয়ে বিরোধের একপর্যায়ে লাঠির আঘাতে রকিবুল গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বাড়িওয়ালা মজলিশ খানকে আটক করা হয়েছে।
ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।