খুলনা মহানগরীতে ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে লবণচরা থানার কাশেমিয়া জামে মসজিদের অদূরে সড়ক থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কলিন ওই এলাকার মাহতাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলিন দুই-তিন দিন পরপর বাড়িতে আসতেন। শনিবার বিকালে তিনি বাড়িতে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হন। রাত ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে সড়কে তার রক্তাক্ত ও অচেতন দেহ পড়ে থাকতে দেখেন এক স্থানীয় ব্যক্তি। পরে তিনি পরিবারের সদস্যদের খবর দেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, কলিনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত সাতটি ও একটি হত্যা মামলা রয়েছে। তিনি প্রায়ই বাড়ির বাইরে থাকতেন এবং মাঝেমধ্যে মা-বাবার সঙ্গে দেখা করতে বাড়িতে আসতেন। শনিবারও বাড়িতে এসে সন্ধ্যার দিকে বেরিয়ে যান। পরে সড়কে তার অচেতন দেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। এ ঘটনায় তদন্ত চলছে।