মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

এবার পিরোজপুরের চিতলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধারা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের আয়োজনে সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় পাকাপোলের ওপর এ কর্মসূচি পালিত হয়। এতে তিন শতাধিক মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

​বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভা সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পিপি সৈয়দ ইফতেখার আলী বলেন, ‘১৯৭১ সালে পরাজিত শক্তি আজও তাদের হায়েনার রূপ নিয়ে বাংলাদেশের মাটিতে নতুন করে চক্রান্ত শুরু করেছে। এরই ধারাবাহিকতায় তারা পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা সৃষ্টি করেছে।

​তিনি আরও বলেন, ‌‘একজন মুসলমান কীভাবে আরেকজন মুসলমানের দাফন-জানাজায় বাধা দিতে পারে? ৭১-এর এই পরাজিত শক্তি শুধু এখানেই ক্ষ্যান্ত হয়নি, তারা ইতিপূর্বে দেশের শতাধিক মাজার ভেঙে চুরমার করেছে। এমনকি দাফন সম্পন্ন হওয়ার পর কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে। এ দেশ রাজাকারের নয়। এজন্য বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’

​প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অবদানের ফলেই আজ জাতি স্বাধীন দেশের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে। অথচ সদ্য প্রয়াত একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে বাধা দেওয়ার মতো ন্যক্কারজনক ঘটনা পুরো জাতির জন্য গভীর কলঙ্ক। ধর্ম, বর্ণ বা রাজনৈতিক বিশ্বাসের ঊর্ধ্বে উঠে একজন মৃত মানুষের দাফন সম্পন্ন করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। বীর মুক্তিযোদ্ধার মরদেহের প্রতি এই অসম্মান দেশের স্বাধীনতাযুদ্ধ ও সংবিধানের ওপর সরাসরি আঘাত।

​বক্তারা অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। যাতে ভবিষ্যতে কেউ এমন ধৃষ্টতা দেখানোর সাহস না পায়।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, আব্দুর রউফ, আব্দুল হামিদ, আব্দুস সোবহান, শফিক আহমেদ, রফিকুল ইসলাম, গণফোরাম নেতা আলিনুর খান বাবুল, জাসদ নেতা হেলালুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের অধ্যক্ষ আশেক ই এলাহি, সিপিপি নেতা আবুল হোসেন ও ওয়ার্কার্স পার্টির নেতা স্বপন কুমার শীল প্রমুখ।