প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে দেশের মানুষের সামনে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি, প্রত্যেকটা পূরণ করতে চাই। আমরা অর্থনৈতিকভাবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা-দীক্ষা, খেলাধুলায় গড়ে তুলতে চাই।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যেই স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছিল দুই বছর আগে, যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, খুন-খুনির রাজনীতির সূচনা করেছিল, মানুষের অর্থ-সম্পদ লুটপাট করে পাচার করেছিল, সেই ষড়যন্ত্রকারীরা আজ বিভিন্ন ষড়যন্ত্রে আবার লিপ্ত হয়েছে।
তিনি বলেন, এক যুগ ধরে যখন তারা ক্ষমতা জোর করে দখল করেছিল, তখন আমরা দেখেছি, তারা দেশের মানুষের সঙ্গে কী করছে, দেশের জন্য তারা কী করছে। ২০২৪ সালে সমগ্র দেশের মানুষ একসাথে হয়ে সেই স্বৈরাচারকে বিতাড়িত করেছে। আজ আবারও সেই ষড়যন্ত্রকারীরা ধীরে ধীরে ফনা তোলার চেষ্টা করছে। বাংলাদেশের গণতন্ত্র রক্ষার স্বার্থে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের স্বার্থে, দেশের ভাগ্যের পরিবর্তনের স্বার্থে আমরা যে যাত্রা শুরু করেছিলাম সেই যাত্রাকে আমরা কোনও ষড়যন্ত্রের কাছে মাথা নত করতে দেবো না।
অনুষ্ঠানে আরও ছিলেন– ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান, হুইপ রকিবুল ইসলাম, আজিজুল বারী হেলাল, খুলনা সিটি করপোরেশন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম প্রমুখ।