সুন্দরবনে দুই দিন ধরে পর্যটক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

সুন্দরবন ভ্রমণে গিয়ে দুবলার চরের কাছে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নতুন জেগে ওঠা চরে পর্যটকবাহী বোর্ড আটকে গেলে সেটি ছাড়ানোর সময় তিনি নিখোঁজ হন।

নিখোঁজ ব্যক্তির নাম রিয়াজ আহমেদ। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি পশ্চিমপাড়া এলাকায় বলে জানা গেছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে ১৯ জন পর্যটক নিয়ে ইকো ট্যুরিজম-২ নামের বোটটি সুন্দরবনে যায়। বৃহস্পতিবার দুপুরে শরণখোলা রেঞ্জের দুবলার চরের কাছে সেটি আটকে যায়। বোটটি ছাড়ানোর চেষ্টায় পর্যটকরাও পানিতে নামেন। পরে সবাই উঠে এলে গণনার সময় একজনকে পাওয়া যায়নি।

ট্যুর গাইড মিজানুর রহমান জানান, পর্যটক নিখোঁজের বিষয়টি বুঝতে পেরে বোটর কেবিনগুলো খোঁজ করা হয়। তাকে না পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডকে জানানো হয়।

খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম বলেন, পর্যটক নিখোঁজের খবর পেয়ে তাকে উদ্ধারে কাজ চলছে। তবে তার পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চলছে।

সিনিয়র সাংবাদিক মহসিন উল হাকিম বলেন, দুবলার চরসংলগ্ন এলাকায় স্রোতের প্রবল প্রভাব রয়েছে। রিপ কারেন্টের কারণে পর্যটকটি ভেসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে নিখোঁজের প্রকৃত কারণ এখনও জানা যায়নি।