পতিতালয় থেকে কিশোরী উদ্ধার

যশোর কিশোরি উদ্ধার


যশোর শহরের বাবুবাজার পতিতালয় থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব। ওই কিশোরীকে পতিতাবৃত্তিতে বাধ্য করা হচ্ছিল- এমন অভিযোগ পেয়ে বুধবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালায়। কিশোরীকে উদ্ধারের পাশাপাশি সেখান থেকে রেশমা খাতুন নামে এক মহিলাকে আটক করা হয়।
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, বাবুবাজার পতিতালয়ে একটি মেয়েকে জোর করে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পতিতালয়ের একটি টিনের ঘর থেকে রেশমা খাতুন নামে এক মহিলা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় তাকে আটক করা হয়।
পরে রেশমার ঘর থকে উদ্ধার করা হয় ওই কিশোরীকে। উদ্ধার হওয়া কিশোরীর বাড়ি শার্শা উপজেলায়। জিজ্ঞাসাবাদকালে রেশমা জানান, শার্শা উপজেলার উলাসী গ্রামের জনৈক বাবু বিউটি পার্লারে চাকরি দেওয়ার কথা বলে ওই কিশোরীকে তার হাতে তুলে দেয়। উদ্ধার হওয়া কিশোরী ও আটক রেশমা যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে একটি মামলাও হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

/জেবি/