হাসপাতাল না খুললে তোদের হত্যা করা হবে, আর আমার কথা বললে এবার গোলাগুলি হবে

চাঁদাবাজি, চাঁদা দাবি, হামলা, ভাঙচুর ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির ঘটনায় খুলনায় উদ্বেগ বাড়ছে ব্যবসায়ীদের। চাঁদাবাজদের দাপটে একের পর এক প্রতিষ্ঠান ও ফার্মেসি বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তারা। আবার চাঁদা দিতে না পারায় ডায়াগনস্টিক সেন্টার বন্ধের হুমকি দেওয়া হলে সেটি বন্ধ করে দেওয়া হয়। পরে সন্ত্রাসীদের পাল্টা হত্যার হুমকির মুখে আবারও খুলতে বাধ্য হন মালিকপক্ষ। 

এরই মধ্যে খুলনা মহানগরীর চারটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে। চাঁদা দাবির ঘটনায় নগরীর বেশ কয়েকটি ওষুধের দোকানও বন্ধ রয়েছে। 

শুধু স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নয়, নগরীর বড় বাজার এলাকার পাইকার ও আড়তদারদের কাছেও চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। আবার ভয়ে অনেকে মুখ খুলছেন না। বড় ব্যবসায়ীদের কেউ কেউ ফোনও বন্ধ করে রেখেছেন ভয়ে এবং আতঙ্কে। ছোট-বড় প্রায় সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের কাছেই চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। বাদ যাচ্ছেন না সরকারি কর্মকর্তারাও।

খুলনার সাবেক সিভিল সার্জন ও খুলনা মেডিক্যাল কলেজের ডেপুটি ডিরেক্টর ডা. সুজাত আহমেদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয়েছে। গত ৫ নভেম্বর তার এলপিআর শুরু হয়। গত রবিবার দিনগত রাত ১১টার দিকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন ও বার্তা পাঠিয়ে চাঁদা চাওয়া হয়। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন তিনি।

ডা. সুজাত আহমেদ বলেন, ‘ওই দিন রাত ১১টার দিকে আমার হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে খুলনার শীর্ষ সন্ত্রাসী সংগঠন বি কোম্পানির পরিচয় দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সঙ্গে একটি ব্যাংক হিসাব নম্বরও দেওয়া হয়। এ ঘটনার পর থেকে পরিচিত ব্যক্তি ছাড়া কারও ফোন ধরছি না। ভয়ে থানায় লিখিত অভিযোগও দিইনি। চাঁদা দাবি করে আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। আমি নিরাপত্তাহীনতায় আছি।’

এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় কেউ লিখিত বা মৌখিকভাবে অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চাঁদা না দেওয়ায় ডায়াগনস্টিক বন্ধের হুমকি

গত ৭ নভেম্বর দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মহানগরীর ২৭৫ নম্বর খানজাহান আলী সড়কে অবস্থিত নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে সন্ত্রাসীরা। এরপর থেকে প্রতিষ্ঠানটির কাছে চাঁদা দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন ডায়াগনস্টিক সেন্টারের মালিক।

রবিবার দিনভর দফায় দফায় প্রতিষ্ঠানটির মালিকের কাছে চাঁদা চাওয়া হয়। প্রথমে ৩০ লাখ, পরে ২০ লাখ এবং সর্বশেষ ১০ লাখ টাকা দাবি করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ম্যানেজার জাহিদ তাদের বলেছেন, ‘এত টাকার মালামাল আমাদের নেই। এত টাকা দেওয়ার সক্ষমতাও প্রতিষ্ঠানের নেই।’

তখন সন্ত্রাসীদের পক্ষ থেকে বলা হয়, ‘চাঁদা না দিতে পারলে রাত ১১টার মধ্যে প্রতিষ্ঠান বন্ধ করে দিবি।’ ম্যানেজার জাহিদের ভাষ্য, তিনটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে নুর আজিম পরিচয়ে ফোন করে এসব হুমকি দেওয়া হয়। এরপর কর্তৃপক্ষ রাত ১১টার আগেই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন।

এ ঘটনা জানাজানি হলে সোমবার সকাল থেকে গণমাধ্যমকর্মীরা প্রতিষ্ঠানের সামনে থেকে সরাসরি লাইভ সম্প্রচার শুরু করেন। ফেসবুকে বিষয়টি নুর আজিমের নজরে এলে তিনি মালিক ও ম্যানেজারকে ফোন করে হুমকি দেন। ম্যানেজার জাহিদের ভাষ্য অনুযায়ী, তাদের বলা হয়, ‘প্রতিষ্ঠান না খুললে তোদের হত্যা করা হবে, আর আমার কথা বললে এবার গোলাগুলি হবে।’

পরে কর্তৃপক্ষ আলোচনা করে বেলা ১টার পর নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনের কার্যক্রম আবার চালু করেন। এ নিয়ে তাদের আতঙ্ক এখনও কাটেনি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, ‘প্রতিষ্ঠানটির পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ দেওয়া হয়নি। তবে ফোনে কথা হওয়ার পর তাদের ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে বলা হয়েছে। তারা সেটি খুলেছেন। নুর আজিম চাঁদা চেয়ে হুমকি দিয়েছেন বলে আমরা জেনেছি।’

নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী-নাগরিক নেতারা

খুলনায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরাও। খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, ‘সন্ত্রাসীদের কাছে অসহায় রাজনীতিবিদরাও। সব মিলিয়ে খুলনাবাসী ভালো নেই। বিভিন্ন সময়ে সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন নাগরিক নেতারাও।’

ব্যবসায়ীদের মাঝে চাঁদাবাজির আতঙ্ক

খুলনায় একের পর এক হত্যাকাণ্ড ও গোলাগুলির ঘটনার মধ্যে নতুন করে চাঁদার দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে। গত এক মাসে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। হুমকির মুখে বন্ধ করে দেওয়া হয়েছে খুলনার অতি পরিচিত চয়নিকা ও মল্লিক ব্রাদার্সসহ অন্তত ১০টি ফার্মেসি। এসব ঘটনায় একাধিক সন্ত্রাসী গোষ্ঠীর নাম এসেছে।

সাম্প্রতিক সময়ে সন্ধানী ক্লিনিকে চাঁদাবাজির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর নেতৃত্বাধীন ‘বি কোম্পানির’ নাম এসেছে। অন্য ঘটনাগুলোয় আরেক শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের নাম এসেছে। নুর আজিম গত সেপ্টেম্বরের শেষ দিকে জামিনে মুক্ত হয়েছেন।

ভুক্তভোগী ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত অক্টোবরে নগরের রয়েল মোড়ের সিটি কুইন্স ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। ২৪ অক্টোবর নগরের সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দল। ভাঙচুর শেষে তারা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরদিন ২৫ অক্টোবর সন্ধানীর সোনাডাঙ্গা শাখায় সশস্ত্র মহড়া দেয় সাত থেকে আটজন। তারা প্রতিষ্ঠানের ম্যানেজারকে খুঁজতে থাকে।

এরপর ৩ নভেম্বর নগরের শামসুর রহমান রোডের রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর করা হয়। গত শনিবার পিটিআই মোড়ের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারেও ভাঙচুরের ঘটনা ঘটে।

বন্ধ ওষুধের ১১টি দোকান

চাঁদা দাবির ঘটনায় গত সোমবার থেকে নগরের রূপসা স্ট্যান্ড রোডের মল্লিক ব্রাদার্স ফার্মেসি বন্ধ রয়েছে। একই এলাকার রূপসা ডেন্টাল কেয়ার, সি এইচ ফার্মা, আমেনা ফার্মেসিসহ আরও সাত থেকে আটটি ওষুধের দোকান বন্ধ করে দিয়েছেন মালিকরা।

বুধবারও ওই এলাকায় গিয়ে ফার্মেসিগুলো বন্ধ দেখা যায়। এ ব্যাপারে জানতে মল্লিক ব্রাদার্সের স্বত্বাধিকারী বশির হাসানের মোবাইল নম্বরে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

ওই এলাকার ফার্মেসির মালিকরা বলছেন, আমরা সবাই আতঙ্কে আছি। মল্লিক ব্রাদার্সে বড় অঙ্কের চাঁদা চেয়ে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। আমাদের এখানেও যে এমন ঘটনা ঘটবে না, তার নিশ্চয়তা কী? প্রশাসন নিরাপত্তার ব্যবস্থা না করলে দোকান খোলার সাহস পাচ্ছি না। রূপসা এলাকায় ১০-১১টি ওষুধের দোকান বন্ধ। এভাবে ব্যবসা করা যায় না। এজন্য আতঙ্কে প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন অনেকেই।

সাত দিনের আলটিমেটাম চিকিৎসক-নার্সদের

খুলনায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের সাত রাস্তা মোড়ে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এ ছাড়া চাঁদাবাজির ভয়ে রূপসায় ওষুধের ১০-১১টি দোকান বন্ধ করে রেখেছেন ব্যবসায়ীরা।

মানববন্ধন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধনে বক্তারা খুলনা মহানগরের বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা তুলে ধরেন। তারা বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। এতে স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। চাঁদা না পেলে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়ে সেগুলো বন্ধ করে দিচ্ছে। শুধু ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার নয়, নগরের বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনা ঘটছে।

যা বলছেন পুলিশ কর্মকর্তারা

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, খুলনায় মাদক কারবার, চাঁদাবাজি ও এলাকা দখল নিয়ে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী নুর আজিম গ্রুপের নেতা নুর আজিম সেপ্টেম্বরের শেষ দিকে জামিনে মুক্তি পেয়েছেন। আত্মগোপনে থাকলেও নুর আজিম জামিনে মুক্তি পাওয়ার পর বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তিনি সন্ত্রাসী গোষ্ঠী বি কোম্পানির একক আধিপত্যে ভাগ বসিয়ে হারানো নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছেন। নিজের শক্তি জানান দিতে আবারও অতি সক্রিয় হয়ে উঠেছেন। আমরা তাকে এবং তার গ্রুপের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভয়ে কোনও প্রতিষ্ঠান বন্ধ রাখলে তারা আরও উৎসাহিত হবে। তবে রূপসার ফার্মেসিগুলো আজও বন্ধ রয়েছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। এরই মধ্যে নুর আজিম গ্রুপের ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

ওসি বলেন, ‘ডায়াগনস্টিক সেন্টারগুলোয় হামলার ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি। তবে সন্ধানী ক্লিনিকের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। যাদের বিরুদ্ধেই অভিযোগ আসছে, আমরা তদন্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা করছি।’