জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে নৌকায় খালি কলস নিয়ে ব্যতিক্রমী মানববন্ধন

জলবায়ু ন্যায্যতা, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়ন, অভিযোজন সহায়তা এবং উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে খুলনায় নৌকায় ব্যতিক্রমী মানববন্ধন ও খালি কলস প্রদর্শন করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে ভৈরব ও রূপসা নদীর মোহনায় জেলখানা ঘাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে ক্লাইমেট অ্যাকশন ফোরাম খুলনা জেলা কমিটি। বেসরকারি সংস্থা লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স) এতে সহযোগিতা করে। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে নৌকার ওপর দাঁড়িয়ে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা ও অব্যাহত কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই বাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীর নাব্যতা হ্রাস ও গতিপথ পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ উপকূলীয় মানুষের জীবন ও জীবিকাকে প্রতিনিয়ত বিপন্ন করছে।

তারা বলেন, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষ সুপেয় পানির সংকট, কৃষিজমিতে লবণাক্ততা, জীবিকার অনিশ্চয়তা এবং পরিবেশগত বিপর্যয়ের মতো নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের জন্য বাংলাদেশ তথা উপকূলীয় অঞ্চলের মানুষ দায়ী নন। অথচ তাদেরই প্রতিনিয়ত এর বিরূপ প্রভাব ও দুর্যোগের ক্ষতি মোকাবিলা করতে হচ্ছে। তাই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে তা পৌঁছে দিতে হবে। এটি কোনও দান, ঋণ বা অনুদান নয়; বরং ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার। পাশাপাশি ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি কৌশিক দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তম মণ্ডলের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি জানান নারী নেত্রী সিলভি হারুন, জ্যেষ্ঠ সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লা, সাংবাদিক আনিসুর রহমান কবির ও হুমায়ূন কবির, তরুণ নেতা তাসমিন জেরিন, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুণ্ডু, প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আক্তার লিনা এবং প্রকিউরমেন্ট অ্যান্ড অ্যাডমিন অফিসার শওকত হোসেনসহ অনেকে।

কর্মসূচিতে নৌকার ওপর খালি মাটির কলস, ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সংকট, লবণাক্ততা, নদীভাঙন, নদীর নাব্যতা হ্রাসসহ জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব তুলে ধরা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।