খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার পর নগরীর গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব প্রতিষ্ঠানে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সন্ত্রাস দমনে সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে খুলনায় যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে।
এদিকে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য ও সন্ত্রাসীদের সম্পৃক্ততা দুই সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন না খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তার ধারণা, জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।
রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার পর মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি বিস্ফোরিত হলে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় লোকজন ও পুলিশের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। জাতীয় পর্যায়ে সংবাদ তৈরি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যেও এ ধরনের ঘটনা ঘটানো হতে পারে।
তিনি আরও বলেন, খুলনায় সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে বলা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তারাও এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তবে নেপথ্যে যে কারণই থাকুক, সাধারণ মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়ানোই এসব ঘটনার উদ্দেশ্য বলে তিনি মনে করেন।
কেসিসি প্রশাসক জানান, গত সপ্তাহে খুলনার জুলাই স্মৃতিস্তম্ভেও দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল। ওই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুতই এ বিষয়ে অগ্রগতি জানানো সম্ভব হবে। একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল এ ঘটনায় জড়িত বলে পুলিশ নিশ্চিত হয়েছে বলেও জানান তিনি। সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা করা হলে তা গ্রহণ করা হবে।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, নগর ভবনে বোমা নিক্ষেপের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করা হবে। এ জন্য প্রস্তুতি চলছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, সন্ত্রাস দমনে সোমবার সকাল থেকে খুলনায় যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। সন্দেহভাজন এলাকাগুলোতে যৌথ বাহিনীর সদস্যরা একসঙ্গে অভিযান ও টহল পরিচালনা করবেন।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা ছিল। তবে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার পর এসব এলাকায় টহল বাড়ানো হয়েছে।
এদিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, সরকারি ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে রাতের বেলায় নজরদারি জোরদার করা হয়েছে।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে ৯টি থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে এ কার্যক্রম চলছে।
অভিযানকালে বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই, অবৈধ যান চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে। এসব অভিযানে মাদক ব্যবসা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।