খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে চলছে বাস

খুলনা থেকে গোপালগঞ্জ ও পদ্মাসেতু হয়ে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। ৩৬ ঘণ্টা পর খুলনা ঢাকা মহাসড়কে বাস চলাচল শুরু হয়। এর আগে গোপালগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টা থেকে বাস চলাচল বন্ধ হয়ে পড়ে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টার পর থেকে গোপালগঞ্জ পদ্মাসেতু হয়ে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যেতে শুরু করে। খুলনার পাশাপাশি বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, পিরোজপুর, নড়াইল থেকেও গোপালগঞ্জ হয়ে ঢাকার পথে বাস ছেড়ে যায়। এসব বাস গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে চলাচল করে।

খুলনার সোনাডাঙ্গার মাদারীপুর কাউন্টারের ইদ্রিস শেখ বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে রূপসী পরিবহনের বাস গোপালগঞ্জের উদ্দেশে ছাড়া শুরু হয়।

ঢাকাগামী সুন্দরবন পরিবহন কাউন্টার থেকে জানা গেছে, তাদের প্রতিটি টিপই সোনাডাঙ্গা থেকে ছেড়ে গেছে। কোনও জটিলতা হয়নি।

মেহেদী ডিলাক্সের আল আমিন বলেন, গোপালগঞ্জ হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত বিকাল সাড়ে ৪টায় তাদের একটিই বাস সোনাডাঙ্গা থেকে ছাড়া হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কোনও বাস ছাড়া হয়নি।

সুপারভাইজার কবিরুল ইসলাম বলেন, বুধবার বিকালে গাড়ি খুলনা থেকে ছেড়ে আর ফিরতে পারেনি। বৃহস্পতিবার বন্ধ ছিল। শুক্রবার সকালে ফরিদপুর থেকে গাড়িটি গোপালগঞ্জ হয়ে খুলনায় আসে। বিকালে আবার ছেড়ে যায়।

খুলনা-বরিশাল রুটের সোনাডাঙ্গা কাউন্টার ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩টি গাড়ি গোপালগঞ্জ হয়ে বরিশাল গেছে। সাধারণত ছয়টি গাড়ি চলে। আজ বৃষ্টিজনিত কারণে যাত্রী কম হওয়ায় গাড়ি কম গেছে। কিন্তু কোনও সমস্যা হয়নি। নিরাপত্তার কারণে বুধ ও বৃহস্পতিবার দিনভর কোনও গাড়ি ছাড়েনি।

বনফুল পরিবহনের সোনাডাঙা কাউন্টার থেকে রনি কুমার জানান, শুক্রবার ভোর থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ১০ট্রিপ গেছে। আরও দুটি গাড়ি ছাড়া হবে।

গোল্ডেন লাইন পরিবহনের আইয়ুব হোসেন বলেন, যাত্রী কম হওয়ার কারণে তাদের তিনটি ট্রিপ গেছে।

টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সোনাডাঙ্গা কাউন্টার থেকে মামুনুর রশীদ জানান, শুক্রবার ভোর থেকেই গোপালগঞ্জ হয়ে তাদের গাড়ি চলাচল শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত ২২ ট্রিপ গেছে। কোনও ধরনের সমস্যা হয়নি। যাত্রী কম। তারপরও শিডিউল ধরে প্রতিটি গাড়ি ঢাকায় গেছে।

খুলনা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চলাচলকারী সৌদিয়া ও রয়েল পরিবহন কাউন্টার থেকে রাসেল বলেন, তাদের গাড়ি সাধারণত রাত ৭টা ও ৮টায় ছেড়ে যায়। বুধ ও বৃহস্পতিবার নিরাপত্তাজনিত কারণে গাড়ি ছাড়া হয়নি। আজও পরিকল্পনা রয়েছে গাড়ি ছাড়ার। এখন যাত্রীর ওপর নির্ভর করছে। এ কাউন্টার থেকে বিকাল সাড়ে ৪টায় আইয়ান পরিবহনের একটি গাড়ি কম যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। চট্টগ্রাম-কক্সবাজারের গাড়ি যাত্রী সাপেক্ষে গাড়ি ছাড়া হবে।

খুলনার ইমাদ, বনফুল, ফাল্গুনী, সোহাগ ও হানিফসহ বিভিন্ন পরিবহনের কাউন্টার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে তাদের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

দোলা পরিবহনের যাত্রী শামসুর রহমান জানান, বুধবার রাত থেকে তিনি ঢাকায় আটকে ছিলেন। গোপালগঞ্জে সংঘাত ও সড়ক অবরোধের কারণে কোনও বাস চলছিল না। শুক্রবার সকাল ৬টার পর বাস চলাচল শুরু হলে তিনি বাগেরহাট ফেরেন।

তিনি জানান, পদ্মাসেতু পার হয়ে ভাঙ্গা দিয়ে গোপালগঞ্জে প্রবেশের পর সড়কের ওপর কাটা গাছপালা পড়ে থাকতে দেখেছেন। কিছুটা সরানো হলেও সড়ক পুরোপুরি পরিষ্কার হয়নি। তবে এসব প্রতিবন্ধকতা পাশ কাটিয়েই যানবাহন চলাচল করছে।

দোলা পরিবহনের সুপারভাইজার আজিম উদ্দিন বলেন, সকাল থেকে সব বাস চলছে। গোপালগঞ্জের ভেতরে এখন কোনও সমস্যা হয়নি। সড়কে পড়ে থাকা গাছপালার কারণে চলাচলে তেমন অসুবিধা হচ্ছে না। তবে বৃষ্টির কারণে গাড়ি কিছুটা ধীরগতিতে চলছে।

বনফুল পরিবহনের সোনাডাঙ্গা কাউন্টার ম্যানেজার আবিদ হাসান বলেন, সকাল থেকে বৃষ্টির কারণে কম যাত্রী নিয়েই ঢাকার উদ্দেশে গাড়ি ছাড়া শুরু করেন। তাদের সব গাড়ি গোপালগঞ্জ পদ্মাসেতু হয়েই চলাচল করে। সারা দিনে বনফুল পরিবহনের পাঁচটি গাড়ি খুলনা থেকে ছাড়া হয়েছে। সাধারণত ১২টি যায়। আজ বৃষ্টির কারণে যাত্রী কম হয়। তাই গাড়িও কম গেছে।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার গোপালগঞ্জে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি হয়। এর ফলে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। নিরাপত্তার কারণে গোপালগঞ্জ হয়ে বিভিন্ন রুটে বাস চলাচল স্থগিত রাখেন পরিবহন মালিকরা। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত বৃষ্টির মধ্যেও সংগঠনগুলোর নেতাকর্মীরা রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বইঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে সড়ক ও মহাসড়কের বিভিন্ন মোড়ে বিক্ষোভ করেন।