নড়াইল-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ি, কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িসহ অন্তত ৩০টি বাড়িতে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত কালিয়ার বেন্দারচর এলাকায় এসব ঘটনা ঘটে। তবে হিন্দুদের বাড়িঘরে হামলা ও আগুনের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।
পুলিশ ও হিন্দু সম্প্রদায়ের লোকজন বলছেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা পুরোপুরি মিথ্যা। ফেসবুকে ছড়ানো বেশির ভাগ আগুনের ছবি এআই দিয়ে তৈরি। এগুলো গুজব। হিন্দুদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে কোনও ধরনের ভাঙচুর হয়নি। যেসব বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে সেগুলো কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে। বিশেষ করে বেন্দারচর এবং আশপাশের এলাকায় কোনও হিন্দু পরিবার বসবাস করে না। বেন্দারচর থেকে হিন্দু অধ্যুষিত ঘোষপাড়ার দূরত্ব অন্তত চার কিলোমিটার। কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়ি ঘোষপাড়ায়। শুধু তার বাড়ি ভাঙচুর করা হয়।
যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
ঘোষপাড়ার বাসিন্দা গোপী ষোষ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘোষপাড়ায় আমাদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের কোনও ঘটনা ঘটেনি। কোনও সাধারণ মানুষের বাড়িঘরে হামলা হয়নি। পুরোপুরি মিথ্যা তথ্য ফেসবুকে ছাড়ানো হয়েছে। বরং বিএনপির লোকজন আমাদের সবসময় দেখেশুনে রাখছেন। ফেসবুকে ওই খবর দেখে গতকাল থেকে অনেকে যোগাযোগ করেছেন, আসলে এখানে কারও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি।’
একই কথা বলেছেন ঘোষপাড়ার বিমান ঘোষ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এখানে (ঘোষপাড়া) কোনও আগুনের ঘটনা ঘটেনি। যেটা প্রচার করা হচ্ছে, তা পুরোপুরি মিথ্যা। একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়নি।’
বৈশাখী ঘোষ বলেন, ‘আমাদের ঘোষপাড়ায় কিছুই হয়নি। আমরা শান্তিতে আছি। ফেসবুকে যেটা প্রচার হয়েছে, সেটা মিথ্যা ছাড়া কিছুই না। আশপাশে খোঁজ নিয়েছি, স্বজনদের সঙ্গে কথা বলেছি; এখন পর্যন্ত হিন্দুদের কোনও একজন লোক বলতে পারেননি, তার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
হামলার তথ্য মিথ্যা বলছেন হিন্দু সম্প্রদায়ের নেতারাও
কালিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক ঘোষ বলেন, ‘বেন্দারচরে যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেটি সাবেক এমপি কবিরুল হক মুক্তির এলাকা। সেখানে কোনও হিন্দু পরিবার বসবাস করে না। হিন্দুরা বসবাস করে ঘোষপাড়ায়। ওই পাড়ায় কারও বাড়িতে হামলার ঘটনা ঘটেনি। তবে ঘোষপাড়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু কৃষ্ণপদ ঘোষের একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর বাইরে কোনও হিন্দু বাড়িতে আগুন লাগানো হয়নি এবং সবাই নিরাপদে আছেন। শত শত হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়ার যে খবর ফেসবুকে ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
একই কথা বলেছেন কালিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক অরুপ ঘোষ বলেন, ‘ঘোষপাড়ায় শুধু আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু কৃষ্ণপদ ঘোষের একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর বাইরে কারও বাড়িতে আগুন দেওয়া হয়নি।’
যেভাবে ঘটনার সূত্রপাত
বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত বুধবার (১৮ নভেম্বর) বিকালে মোটরসাইকেলযোগে মিছিল বের করেন। মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই দিন সন্ধ্যায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে সামনের দিকে এগোনোর সময় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ স্থানীয় বিএনপির। এ সময় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। তাদের খুলনায় নেওয়ার পথে মারা যান। ওই ঘটনার সূত্র ধরে গতকাল শুক্রবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস বলছে ২৫-৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত
কালিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ‘শুক্রবার বিকাল ৪টার দিকে বেন্দারচরে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের খবর পাই আমরা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। রাত ৮টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। ২৫-৩০টি বাড়িঘরে আগুনের ঘটনা ঘটেছে।’
হিন্দুদের বাড়িঘরে হামলার তথ্য গুজব বলছে বিএনপিও
কালিয়া উপজেলায় হিন্দু সম্প্রদায়েরর বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা মিথ্যা ও গুজব বলছে বিএনপি। শনিবার দুপুরে কালিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু এই দাবি করেন। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন ফেসবুক পেজে দেখছি, দুই শতাধিক হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও গুজব। বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ঘটনাগুলো ফেসবুকে ছড়ানো হচ্ছে।’
ওয়াহিদুজ্জামান মিলু বলেন, ‘আমরা এরই মধ্যে এই হত্যাকাণ্ডের পর কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সেজন্য আমাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে সজাগ আছি। আপনারা আজ দেখছেন, কালিয়া বাজারের ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করছেন। বিশেষ করে গত সংসদ নির্বাচনে হিন্দু ভাইয়েরা আমাদেরকে ৯০ শতাংশ ভোট দিয়েছেন; আমরা তাদের সঙ্গে আছি, তারাও আমাদের সঙ্গে আছেন। একটু আগে হিন্দু নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছিলেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি।’
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ‘শুক্রবার সন্ধ্যার পর আমরা দেখতে পেলাম কালিয়ায় বাড়িঘরে ভাঙচুর নিয়ে কিছু তথ্য ফেসবুকে ছড়ানো হয়েছে। যেগুলো ঠিক নয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে হিন্দু সম্প্রদায়ের কারও বাড়িতে হামলার ঘটনা ঘটেনি। তাদের জানমালের দায়িত্ব নিয়েছি আমরা। ফেসবুকে যা ছড়ানো হয়েছে সবই গুজব। নড়াইলকে আমরা নিরাপদ রাখতে চাই।’
এআই ছবি দিয়ে গুজব ছড়ানো হয়, বলছে পুলিশ
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের যে তথ্য ফেসবুকে ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সেখানে হিন্দুদের কোনও বাড়িঘর নেই। হামলার প্রশ্নই আসে না। অথচ এআই ছবি দিয়ে গুজব ছড়ানো হয়েছে। পূর্বে ধারণকৃত ও এআই দিয়ে নির্মিত ভিডিওচিত্র দিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এই গুজব ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মাধ্যমে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে তারা।’
ওসি বলেন, ‘গত বুধবার দুইজনকে হত্যার জের ধরে শুক্রবার বিকালে ভুক্তভোগীদের আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন বেন্দারচর গ্রামে ২০টির মতো বাড়িঘর ভাঙচুর করেছেন। এগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর। এসব বাড়ির মধ্যে কিছু বাড়ি ৫ আগস্টের পর ভাঙচুরকৃত এবং পরিত্যক্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।’