বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক, এলেন আ.লীগের ৪ নেতা

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ করেছেন হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (২২ নভেম্বর) দুপুরে ভারতের মন্ত্রী-বিধায়কসহ কয়েকজন রাজনৈতিক নেতাও এই কর্মসূচিতে অংশ নেন।

এদিকে বাংলাদেশ সীমান্তের ওপারে পেট্রাপোলে বিক্ষোভ-সমাবেশ ঘিরে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ-সমাবেশ করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ এবং সমবায় দফতরের মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপির বিধায়ক স্বপন মজুমদারসহ আরও কয়েকজন রাজনৈতিক নেতা।

সমাবেশে স্বপন মজুমদার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের দীর্ঘ কারাবাস ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগেরও সমালোচনা করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানান। একই ধরনের বক্তব্য দেন অশোক কীর্তনীয়াও। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণকে রক্ষা এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনার দেশে ফেরা উচিত।’

একই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক চার জ্যেষ্ঠ নেতা পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বলে জানিয়েছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম। খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য রুট নির্ধারণেই তাদের এই সফর। এই সফরের পর ইমিগ্রেশন এলাকায় প্রায় দুই ঘণ্টার একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ করেছেন হিন্দু সুরক্ষা সমিতি

খবরে আরও বলা হয়েছে, ওই প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। 

খবরে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ নেতারা আগরতলা-আখাউড়া সীমান্তসহ ত্রিপুরার বিকল্প পথগুলো ঘুরে দেখতে পারেন। আগামী মঙ্গলবার ত্রিপুরা সীমান্ত এবং পরদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত সংযোগকারী পথটি তাদের পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে।

এসব খবরে সন্ধ্যা থেকে বেনাপোল সীমান্তে টহল ব্যবস্থা জোরদার ও নজরদারি বৃদ্ধি করে বিজিবি। বেনাপোল চেকপোস্ট ও আশপাশের গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবিকে টহল দিতে দেখা যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পথে যাতে কেউ দুই দেশের মধ্যে যাতায়াত করতে না পারে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বাড়ানো হয়েছে। বেনাপোলের প্রধান ফটক, চেকপোস্টসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।