সাইকেলে ভারতের ২৪টি রাজ্য ঘুরে খুবিতে অনির্বাণ

ঘাতকব্যাধি ক্যান্সারের চিকিৎসার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ভারতের পশ্চিমবঙ্গে (কলকাতায়) জন্মগ্রহণকারী অনির্বাণ আচার্য সাইকেলে দেশ-বিদেশ ঘুরছেন। ভারতের ২৪টি রাজ্য সাইকেলে ঘুরে এসেছেন বাংলাদেশে। ঘুরছেন বিভিন্ন বিভাগ, জেলায় এমনকি গ্রামে। এভাবে এ পর্যন্ত ১৭ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অনির্বাণ বৃহস্পতিবার বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ে আসেন এবং উপাচার্যের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

উপাচার্যকে ভারতীয় সাইক্লিস্ট তিনি জানান, মনের তাগিদে চাকরি ছেড়ে ক্যান্সারের চিকিৎসার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির জন্য রাস্তায় নেমেছেন। অজ্ঞতার কারণে অনেকেই মনে করেন ক্যান্সার হলে আর রক্ষা নেই, আর বাঁচবেন না। কিন্ত সঠিকভাবে ক্যান্সার নির্ণয় এবং সঠিক চিকিৎসায় মানুষ সেরে ওঠতে পারেন। অনেক জীবন বাঁচতে পারে।

আরও পড়ুন: রংপুরে একসঙ্গে জন্ম নেওয়া ৫ সন্তানের ৩ জনের মৃত্যু

অনির্বাণ বলেন, ক্যান্সার হলে মানুষ যেন হতাশ হয়ে ঘরে বসে ধীরে ধীরে মৃত্যুর অপেক্ষা না করেন। মনোবল, ধৈর্য্য ও সাহস নিয়ে এ রোগের চিকিৎসা করাতে হবে।

তিনি সমাজের বিত্তবান মানুষদেরকে ক্যান্সার রোগীদের সহায়তা বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে, ক্যান্সার চিকিৎসা ও গবেষণার জন্য বরাদ্দ বৃদ্ধির জন্য সরকার ও আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানান। 

আরও পড়ুন: চাঁদা না দেওয়ায় যুবককে জেলহাজতে পাঠানো সেই এএসআই প্রত্যাহার

খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ভারতীয় সাইক্লিষ্টের এ উদ্যোগের প্রশংসা করেন। তাকে শুভেচ্ছা জানিয়ে উৎসাহ প্রদানের স্মারক হিসেবে বিশ্ববিদ্যালয়ের একটি ক্রেস্ট উপহার দেন। এ সময় রোটারিয়ান মো. আব্দুল কাদের পিন্টু, রোটারিয়ান রেজাঊল করিম খান, রোটারিয়ান শেখ ওয়াহিদুজ্জামান ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএ/