বাড়িওয়ালাকে সন্ত্রাসী দেখিয়ে ভাড়াটিয়ার হুমকি, এরপর বাড়িতে গুলি

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মহানগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ার ৪নং গলিতে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, টুটুল একজন পরিবহন ব্যবসায়ী। মামুন নামে এক ব্যক্তি দীর্ঘদিন তার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গত কয়েকমাস বাড়ির ভাড়া তিনি পরিশোধ করেনি। ভাড়া নিয়ে মামুনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। গত কয়েকদিন আগে ভিডিও কলে সন্ত্রাসী নুর আজিমের ছবি বাড়ির মালিক টুটুলকে দেখানো হয়।

ভাড়াটিয়া মামুন সন্ত্রাসীর ছবি দেখিয়ে বলেন, ‘একে চিনতে পেরেছেন?’ উত্তরে তিনি বলেন, ‘না আমি তাকে চিনি না’। এরপর আর কিছু ঘটেনি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে টুটুল বাড়ি থেকে বের হন। এরপর দুপুর আড়াইটার দিকে কয়েকজন সন্ত্রাসী বাড়ির পেছন থেকে তার বাড়িতে প্রবেশ করে দুই রাউন্ড ফাঁকা গুলি করে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

লবণচরা থানার এসআই সাইফুল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আসি। সঠিক তথ্য জানার চেষ্টা করছি। কারা এবং কী কারণে এখানে গুলির ঘটনা ঘটালো তা নিশ্চিত হতে তদন্ত চলছে।’