কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আতিয়া জাহান মৌ হত্যার বিচার দাবিতে স্বজন ও এলাকাবাসী প্রতিবাদ করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কিশোরগঞ্জে আদালত প্রাঙ্গণে তারা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও মিছিল করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বোন আফরিন আলম সামিরাসহ খালা, ফুফু, ফুফাতো বোন। এ সময় বেশ কয়েকজন আইনজীবী তাদের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে মৌন মিছিলে যোগ দেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ২০১৫ সালের ৭ নভেম্বর কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার নিজ বাসা থেকে আতিয়ার (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরের দিন আতিয়ার মা রওশন আরা বাদী হয়ে ইউসুফ হায়দার রিফাত, টিটু ও রাজিবকে আসামি করে কিশোরগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। আসামিদের মধ্যে রিফাত কারাগারে থাকলেও ঘটনার ৬ মাস পার হলেও টিটু ও রাজিব এখনও গ্রেফতার হয়নি।
সিআইডি কিশোরগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. শহিদুল ইসলাম খান বলেন,‘প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা আতিয়া হত্যা মামলার অন্যতম আসামি রিফাতকে ধরতে সক্ষম হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেম বিষয়ক ঘটনায় রিফাত এই খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’
নিহত আতিয়া মিঠামইন উপজেলার গোপদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
আরও পড়ুন:
/এনএস/টিএন/আপ-এআর/