ফুলবাড়িয়ায় ব্যালট ছিনতাই, পুলিশের ফাঁকা গুলি, আহত ৫

ইউপি নির্বাচন ২০১৬

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর শাপলা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ঢুকে একদল দুর্বৃত্ত ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় বাধা দিলে পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের সংঘর্ষ বাধে। এতে পাঁচজন আহত হন।

দুর্বৃত্তরা কেন্দ্রে ও বুথে ভাঙচুর চালায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আট রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তরা ছিনতাইকৃত ব্যালট পেপার কেন্দ্রের বাইরে ফেলে রেখে চলে যায়।

এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ দেড়ঘণ্টা বন্ধ ছিল। এরপর বেলা সোয়া ১১টার দিকে আবারও ভোটগ্রহণ শুরু হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জাল ভোট, ৬ পোলিং এজেন্ট আটক

সন্তোষপুর শাপলা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা অখিল রঞ্জন জানান, কিছু বহিরাগত কেন্দ্রে প্রবেশ করে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করেন। এসময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। পরে অতিরিক্ত পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

এছাড়া একই উপজেলার দেওখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাকে আটকে রেখে কয়েকজন যুবক নৌকা প্রতীকে সিল মারার সময় পুলিশ আজাদ নামে এক যুবককে আটক করে।

 

/এসটি/