জাপার বাক্সে ১৫ ভোট

ইউপি নির্বাচন ২০১৬৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার পূর্বধলা ও দূর্গাপুর উপজেলার মোট ১৮টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয় গতকাল শনিবার। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৮৫ জন চেয়ারম্যান প্রার্থী। এসব প্রার্থী নিজেদের যোগ্যতা অনুযায়ী কম বেশি ভোট পেলেও সবচেয়ে কম ভোট পেয়ে আলোচনায় এসেছেন জাতীয় পার্টির এক প্রার্থী। তার নাম আবুল কালাম আজাদ। পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়ন থেকে বর্তমান সরকারের বিরোধী দল জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে মাত্র ১৫ ভোট পেয়েছেন তিনি।
পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১,৩৩৪ জন। সদ্য হওয়া ভোটে এই ইউনিয়নে সিরাজুল ইসলাম আকন্দ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে ৯৮৪১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ থেকে মনোনীত মো. ইসলাম উদ্দিন সরকার । তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯০৫ ভোট। আর এই ইউনিয়নে সবচেয়ে কম মাত্র ১৫ টি ভোট জোটে জাপা প্রার্থী আবুল কালাম আজাদের বাক্সে।

এ ব্যাপারে জাপা প্রার্থী আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এছাড়াও ১৮টি ইউনিয়ন পরিষদে ভোটের ফলে দেখা গেছে, একশ ভোটও পাননি এমন চেয়ারম্যান প্রার্থী ছিলেন আরও ৫ জন। তারা হলেন, আগিয়া ইউনিয়নে জাতীয় পার্টির গিয়াস উদ্দিন খান মেনু, পেয়েছেন ৪১ ভোট। বিশকাকুনী ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী রুহুল আমিন, পেয়েছেন ৫০ ভোট। গোহালাকান্দা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এবিএম জাকারিয়া হোসেন, মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩৩ ভোট । একই ইউনিয়নের অপর স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম আকন্দ ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৬৯ ভোট।

পূর্বধলা  উপজেলা নিবার্চন কর্মকর্তা জিনাত আরা’র বরাদ দিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন: জমে উঠেছে রাজশাহীর আমের বাজার

/টিএন/আপ-এআর/