জামালপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বেড়ে মঙ্গলবার সকালে বিপদসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।Islampur-flood-pic-2

অব্যাহত পানি বৃদ্ধিতে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার ২০টি ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছেন।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় বন্ধ করে দেওয়া হয়েছে ১২০টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। রাস্তায় পানি ওঠায় মেলান্দহ-মাহমুদপুর, ইসলামপুর-গুঠাইল, গুঠাইল-মলমগঞ্জ সড়কে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পানিতে ডুবে গেছে রোপা আমনের বীজতলাসহ অন্তত ৫০০ হেক্টর ফসলি জমি।

দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের চরম সঙ্কট দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ৫৭ মেট্রিক টন চাল, নগদ ১ লাখ টাকা ও ৬৬৭ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম বলে দাবি দুর্গতদের।

আরও পড়ুন: মুন্নার জঙ্গি সংশ্লিষ্টতা পায়নি পুলিশ

/এআর/