‘বঙ্গবাহাদুর’-এর লাথিতে গুরুতর আহত সাফারি পার্কের কর্মী

জামালপুরের সরিষাবাড়ীতে আসাম থেকে বানের পানিতে ভেসে আসা বুনো হাতি বঙ্গবাহাদুরের লাথির আঘাতে গুরুতর আহত হয়েছেন হাতির রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মী আবু তাহের (৩৫)। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে জামালপুরের শরিষাবাড়ী উপজেলার কামড়াবাদ ইউনিয়নের কয়রা গ্রামে এ ঘটনা ঘটে।85c05c56899b9af9a252ef67a6e99ec8-57b15ece8da89

উপজেলা বন কর্মকর্তা খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, সন্ধ্যায় উদ্ধারকারী দলের সদস্য তাহের হাতির পায়ে শেকল পরাতে গেলে হাতি তাকে লাথি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ২৮ জুন ভারতের আসাম রাজ্য থেকে বন্যার পানিতে ভেসে হাতিটি এ দেশের  ব্রহ্মপুত্র নদ বেয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে প্রবেশ করে। এরপর বগুড়ার সারিয়াকান্দি হয়ে যমুনা নদীর পানিতে ভেসে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের দুর্গম ছিন্নারচরে ১১ দিন অবস্থান করে। গত ২৭ জুলাই হাতিটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আসে।

/এআর/