বোমা মেরে দেশ ও সমাজ পরিবর্তন করা যাবে না: মতিয়া চৌধুরী

ppppকৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘বোমা মেরে মানুষ হত্যা করে দেশ ও সমাজ পরিবর্তন করা যাবে না। তাই যদি হতো, তাহলে দেশে এতোদিনে অনেক কিছুই পরিবর্তন হতো।’

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরাপঁচা প্রাথমিক বিদ্যালয়ে তিনটি ইউনিয়নের ক্রীড়া সামগ্রী বিতরণকালে কৃষিমন্ত্রী এ সব কথা বলেন ।

মতিয়া চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি আস্তানাগুলোতে প্রথমে গিয়ে জঙ্গিদের আত্মসমর্পণ করার সুযোগ দেন। আমাদের প্রধানমন্ত্রী বুধবার ফরিদপুরেও বলেছেন, তারা (জঙ্গিরা) যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, সরকার তাদের সহযোগিতা করবে।’

কৃষিমন্ত্রী বিশ্ব ব্যাংকের কর্মকর্তাদের শাস্তির দাবি করে বলেন, ‘বিশ্ব ব্যাংক বলেছিল পদ্মসেতুতে দুর্নীতি হচ্ছে। কিন্তু তার কোনও প্রমাণ পাওয়া যায়নি। ব্যাংকের যেসব কর্মকর্তারা পদ্মাসেতুর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছিল, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।’

এ সময় কৃষিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল ইসলাম গণি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুখলোছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হকসহ অন্যান্য নেতাকর্মীরা।

/এআর/