শেরপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি

Sherpur Nakla Pic২২

শেরপুরের নকলায় ঝড় ও শিলা বৃষ্টিতে বোরো আবাদের ব্যাপক ক্ষতি হয়েছে। রবিবার দুই দফা ঝড় ও শিলা বৃষ্টিতে উপজেলার নকলা, গনপদ্দী ও উরফা ইউনিয়নের কমপক্ষে ১ হাজার একর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে নষ্ট হয়েছে ১শ’ একর জমির সবজি ক্ষেত।

জানা যায়, উরফা ইউনিয়নের কুড়েরকান্দা, হাসন খিলা, পিছলা কুড়ি ও নকলা ইউনিয়নের ধনাকুশা, ডাকাতিয়া কান্দা, শিববাড়ি, নামা পাড়া এবং গনপদ্দী ইউনিয়নের বারইকান্দি এলাকার ধান ও বিভিন্ন সবজি ক্ষেত শিলা বৃষ্টিতে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। এছাড়া নিচু এলাকার অনেক বোরো ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। ঝড়ে উঁচু এলাকায় ধান গাছ পড়ে যাওয়ায় তা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বোরো ধান ও সবজির ক্ষতি ছাড়া বেশ কিছু কাঁচা ঘর, ফলজ গাছ ও বাগান নষ্ট হয়েছে। গাছ পড়ে বিদ্যুতের তার ছিড়ে কয়েকটি এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

ডাকাতিয়াকান্দার কৃষক আশরাফুল, ফজলু, বিল্লাল, রফিক, দুলাল, নছু, সুরহাব, আশরাব, ছামিদুল, কালু, জলিল এবং গড়ের গাঁও এলাকার বর্গাচাষী আজগর আলী, বাড়ইকান্দির লিটন বলেন ‘আমরা এখন  কি করবো, আমাদের সব শেষ হয়ে গেছে। আমরা তো ঋণ করে বোরো আবাদ করেছিলাম। এখন আমরা কি খাবো, আর কি দিয়ে ঋণ দিব ?’

এ বিষয়ে উরফা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক হীরা বলেন, ক্ষতিগ্রস্ত  অধিকাংশ কৃষক ঋণগ্রস্ত। সরকারিভাবে তাদের সহযোগিতা না করলে তাদের না খেয়ে থাকতে হবে। পাশাপাশি ঋণের বোঝা টানতে গিয়ে বসত ভিটা হারাতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, এ বছর নকলা উপজেলায় ৩৩ হাজার ৭৫০ একর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এরমধ্যে শিলা বৃষ্টিতে ৪শ’ একর জমির ধান সম্পূর্ণভাবে এবং ৬শ’ একর জমির ধান আংশিক নষ্ট হয়েছে। এছাড়া ১শ’ একর জমির সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে।

বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ওই ইউনিয়নের প্রায় সব এলাকাসহ বাউসা, পৌর এলাকার কামার পট্টি, ভুরদী ও বানেশ্বরদী এলাকায় ঝড়ে গাছ পড়ে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।  দ্রুত বিদ্যুৎ সংযোগের কাজ চলছে।

/জেবি/

আরও পাড়তে পারেন: বন্দুকযুদ্ধে পাঁচ পুলিশ আহত, অস্ত্রসহ ছয় ডাকাত আটক