জামালপুরে থানা হাজতে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

জামালপুরজামালপুরের সরিষাবাড়ি থানা হাজতে জবান আলী (৫৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, সরিষাবাড়ি উপজেলার বাউসি চর বাঙালি গ্রামের জবান আলী ও তার স্ত্রী মালেকা বেগমের নামে ২০০৬ সালে ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামের শাহজাহান আলী দাদনের পাওনা টাকার বিষয়ে মামলা করেন। ওই মামলায় ২০০৭ সালে আদালত জবান আলী ও তার স্ত্রী মালেকা বেগমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। এরপর থেকে জবান আলী পলাতক ছিলেন। পলাতক অবস্থায় এবার ঈদে তিনি বাড়ি আসেন। বৃহস্পতিবার (২৯ জুন) বিকালে জবান আলী স্ত্রী ও সন্তানদের নিয়ে ট্রেনে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সরিষাবাড়ি স্টেশনে আসেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ স্টেশন এলাকা থেকে জবান আলী ও তার স্ত্রী মালেকা বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। থানায় নেওয়ার কিছুক্ষণ পর জবান আলী অজ্ঞান হয়ে পড়েন। এ অবস্থায় পুলিশ তাকে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহিদুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই জবান আলীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ‘কার্ডিয়াক অ্যারেস্টে’ তার মৃত্যু হয়েছে। পোস্ট মর্টেমের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তবে মৃত জবান আলীর জামাতা খোরশেদ আলম জানান, গ্রেফতার হওয়ার আগে তার শ্বশুর সুস্থ ছিলেন। তার কোনও অসুখ-বিসুখ ছিল না। খোরশেদ আলী দাবি করেন, পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম দাবি করেন, থানা হাজতে জবান আলীর মৃত্যু হয়নি। তাকে গ্রেফতার করে থানার অফিস কক্ষে আনার পরপরই তিনি স্ট্রোক করেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

/বিএল/