পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বাড়িঘর আবাদি জমিসহ স্থাবর-অস্থাবর সম্পতি নিয়ে বড় ভাই ওয়হাব আলী মাস্টারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ছোট ভাই মোতালেব হোসেনের। এর জেরে রবিবার দুপুরে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায় তাদের দুপক্ষের হাতাহাতি ও হামলা-পাল্টা হামলার সময় ভাতিজা মামুন মিয়া ইট দিয়ে চাচা মোতালেব হোসেনের মাথায় আঘাত করেন। পরে তাকে এলোপাতাড়ি লাঠিপেটা করলে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় চাচা মোতালেবকে প্রথমে তারাকান্দি যমুনা সার কাররখানা চিকিৎসা কেন্দ্রে ও পরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত মোতালেবের ছোট ভাই আনিছুর রহমানকে আটক করেছে পুলিশ।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
/এআর/