মাদক ব্যবসায়ীদের সর্বোচ্চ শাস্তি দিতে আইন সংশোধন করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রচলিত যে আইন আছে, তা সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। মাদক ব্যবসায়ীরা যতই প্রভাবশালী হোক, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

রবিবার (৩০ জুলাই) দুপুরে ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত মাদকবিরোধী বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আর কোনও শিক্ষার্থীকে ঐশী হতে দেখতে চাই না, আর কোনও অভিভাবককে সন্তানের হাতে খুন হতে দেখতে চাই না।’

অনুষ্ঠানে বিরোধী দলীয়নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেন, ‘দেশে প্রতি বছর ২৫ লাখ শিক্ষার্থী লেখাপড়া শেষ করে বের হচ্ছে, কিন্তু তাদের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা নেই।’

বেকার যুব সমাজই বিপথে ধাবিত হচ্ছে দাবি করে রওশন এরশাদ আরও বলেন, ‘কর্মসংস্থানের অভাবেই দেশে মাদকাসক্তির সংখ্যা দিন দিন বাড়ছে। তিনি নতুন ময়মনসিংহ বিভাগে শিল্প-কলকারখানা গড়ে তোলার আহ্বান জানান।’

বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, নাজিম উদ্দিন আহমেদ এমপি, সালাহ উদ্দিন আহমেদ মুক্তি এমপি, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, মাদকের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পৌরমেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা আ’লীগের সেক্রেটারী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মাহনগর আ’লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।

/বিএল/