ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে দুই শ্রমিক নিখোঁজ

শেরপুরশেরপুরের ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবিতে দুই শ্রমিক নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ) সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদের শেরপুর পুরাতন ফেরিঘাট এলাকায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

নিখোঁজ শ্রমিকরা হলেন, চর পক্ষিমারি ইউনিয়নের  দিঘলদি মোল্লা পাড়া গ্রামের ফরিদ হোসের (২৬) ও  শহিদুল (২৫)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার চর পক্ষিমারি ইউনিয়নের ব্যাপারি পাড়া গ্রামের চরাঞ্চলে দিনমজুরি’র কাজ শেষে নৌকা করে ২০ জন শ্রমিক বাড়ি ফিরছিলেন।  পথে ডাকপাড়া গ্রামের ব্যাঙের মোড় পুরাতন ফেরিঘাট এলাকায় এলে নৌকাটি ডুবে যায়। পরে নদ সাঁতরে ১৮ জন শ্রমিক তীরে  উঠে এলেও নৌকাসহ ওই দুজনের খোঁজ না নিয়েই তারা বাড়ি ফিরে যান।

এদিকে,  শুক্রবার (২৯ সেপ্টেম্বর ) সকালে নিখোঁজ ওই দুই শ্রমিকের পরিবারের সদস্যরা তাদের সন্ধানে বের হয়ে জানতে পারেন ডুবে যাওয়া নৌকায় তারা ছিলেন। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবরি দলের সদস্যরা শুক্রবার দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ব্যাক্তিদের সন্ধানে ব্যার্থ হয়ে উদ্ধার কাজ স্থগিত করেন। 

ওসি মো. নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঝড়ো হাওয়া ও বৃষ্টির জন্য তাদের উদ্ধার কাজ ব্যহত হলে দুপুর ২ টায় তারা উদ্ধার অভিযান স্থগিত করেন।