ময়মনসিংহের তারাকান্দায় সুজন ওরফে চেতন পণ্ডিত (১২) নামে এক শিশু হত্যা মামলায় তিন জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী এ রায় দেন। এছাড়াও আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসে কারাদণ্ড দিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. আকবর আলী, মো. আকরাম হোসেন ও তানভীন হাসান আনিস। তাদের মধ্যে আকরাম হোসেন পালতক রয়েছেন।
কোর্ট ইন্সপেক্টর নওয়াজেশ আলী জানান, দণ্ডপ্রাপ্ত আসামিরা ২০১১ সালের ৩০ আগস্ট তারাকান্দার লাউটিয়া গ্রামের খোকন পণ্ডিতের ছেলে সুজন ওরফে চেতন পণ্ডিতকে হত্যা করে একটি পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা খোকন পণ্ডিত বাদী হয়ে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মো. আকবর আলী, মো. আকরাম হোসেন, তানভীন হাসান আনিস ও আকরাম হোসেনকে আসামি করা হয়। তদন্ত শেষে ২০১২ সালের ৩ মার্চ তিন জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলায় আট জন সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত মঙ্গলবার দুপুরে এ রায় দেন।
আসামি পক্ষের অ্যাডভোকেট এ কে ফজলুল হক এবং রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট সোহরাব উদ্দিন ও অ্যাডভোকেট সঞ্জীব সরকার সঞ্জু মামলাটি পরিচালনা করেছেন।
মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি করেছেন নিহত চেতন পণ্ডিতের বাবা খোকন পন্ডিত।
আরও পড়ুন: ফেনীতে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড