‘খালেদা জিয়াকে সাজা দেওয়ার চেষ্টা হলে সারাদেশে রাজপথ বন্ধ হয়ে যাবে’

জামালপুরে কর্মী সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আমান ‍উল্লাহ আমান

খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচনের বাইরে রাখতে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন,‘শেখ হাসিনা নামমাত্র নির্বাচন করে আবারও ক্ষমতায় আসতে চায়। খালেদা জিয়াকে সাজা দেওয়ার চেষ্টা করা হলে, আন্দোলনের মুখে সারাদেশের রাজপথ বন্ধ হয়ে যাবে। হাসিনার কথায় বাংলাদেশ চলবে না।  খালেদা জিয়ার কথায়, তারেক রহমানের কথায় বাংলাদেশ চলবে।’ শনিবার দুপুরে জামালপুর শহরের রানী কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত দিনব্যপী কর্মী সমাবেশে আমান উল্লাহ আমান এসব কথা বলেন।

তিনি সব চক্রান্তের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আন্দোলন হবে। নির্বাচন হবে। সেই নির্বাচনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে।’

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, শাহিদা আক্তার রিতা, সুলতান মাহমুদ বাবু প্রমুখ।

 আরও পড়ুন: যশোরে সন্ত্রাসীদের গুলিতে দোকানি নিহত