শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন দোলাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম জিয়াউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া তার বিরুদ্ধে ট্রেড লাইসেন্সের ফি আদায় ও মাতৃত্ব ভাতা বিতরণে অনিয়ম, পরিষদ ভবনে অফিস না করা এবং ভূমি হস্তান্তর করের ১ শতাংশের টাকা অনিয়মিতভাবে ব্যয় করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এসব কারণে স্থানীয় সরকার আইন, ২০০৯ এর ৩৪ উপধারা (১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, বলে উল্লেখ করা হয়। চিঠিতে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যও জেলা প্রশাসকের কাছে অনুরোধ করা হয়।
তবে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দোলা সাংবাদিকদের বলেন, ‘স্থানীয় কিছু অসৎ লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ কাজ করিয়েছে। চিঠি পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা করিম বলেন, ‘চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে দেখেছি। চিঠি হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে।’