রাতে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশ পাওয়ার পরপরই তদন্ত করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলা তদন্ত করার জন্য তিনি পুলিশ সুপারের কাছ থেকে চিঠি পেয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে তদন্ত কাজ শুরু করার কথা জানান তিনি।
প্রসঙ্গত, বিবস্ত্র করাসহ নির্যাতনের অভিযোগ এনে হালুয়াঘাট উপজেলার ধুরাইল এলাকার এক গৃহবধূ গত ২১ ডিসেম্বর হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম, ধুরাইল ইউনিয়ন চেয়ারম্যান ওয়ারেস উদ্দিন সুমনসহ ছয় জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে গত ২৭ ডিসেম্বর ৫ নম্বর আমলি আদালতের বিচারক হাফিজ আল আসাদ ১৫ দিনের মধ্যে তদন্ত অনুযায়ী প্রতিবেদন দাখিল করার জন্য পুলিশ সুপার ময়মনসিংহকে নির্দেশ দেন।