টাঙ্গাইলে অস্ত্র মামলায় দুই যুবকের কারাদণ্ড

 কারাদণ্ড

টাঙ্গাইলে অস্ত্র আইনের একটি মামলায় এক যুবকের ১০ বছর ও আরেক যুবকের সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারিক হাকিম মো. রবিউল হাসান এ রায় দেন।

১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ওহাব আলী (৩০)। সে টাঙ্গাইল পৌর এলাকার চরকাগমারা গ্রামের আব্দুল আলীমের ছেলে। সাত বছর কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আশরাফ আলী (২২)। সে টাঙ্গাইল পৌরসভার এনায়েতপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে দণ্ডিত ব্যক্তিদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এসময় ওহাবের কাছ থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্ধুক ও আশরাফ আলীর কোমড় থেকে চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওই দিনই র‌্যাব-১২ এর উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাদী হয়ে টাঙ্গাইল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। পরে টাঙ্গাইল থানার পরিদর্শক মো. সালাউদ্দিন ওই বছর ১ মে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি আইনজীবী আলমগীর খান মেনু। তাকে সহযোগিতা করেন এপিপি মনিরুজ্জামান সেলিম। আসামি পক্ষে ছিলেন শামীমুল শামীম।

আরও পড়ুন: নেত্রকোনায় উপজেলা জামায়াতের আমির আটক