নাইম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত ওসি খন্দকার শাকের আহমেদ। তিনি জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত কলেজছাত্র ইব্রাহিম খলিল হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে কোতোয়ালি মডেল থানা পুলিশ রাতে অভিযান চালায়। বৃহস্পতিবার ভোর রাতে শহরের বলাশপুর এলাকায় অভিযান টের পেয়ে ছিনতাইকারী চক্রের সদস্যরা পুলিশের ওপর গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ছিনতাইকারীচক্রের সদস্যরা পালিয়ে যায়। এসময় গুলিতে আহত নাইমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ময়না তদন্তের জন্য মৃতদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি শহরের বলাশপুর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয় ময়মনসিংহের সরকারী আনন্দ মোহন কলেজের ছাত্র ইব্রাহীম খলিল। এসময় হাতেনাতে আটক হয় সাদ্দাম নামে এক ছিনতাইকারী। ইব্রাহিম খলিল হত্যার এজাহারভুক্ত প্রধান আসামি ছিলেন নিহত নাইম।