জামালপুরে প্রশ্নফাঁসের অভিযোগে ১০ পরীক্ষার্থী গ্রেফতার

গ্রেফতার ১০ পরীক্ষার্থীজামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ১০ পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ ঘটনায় দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্রসচিব ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক রায়হানা আক্তার বেগম বাদী হয়ে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর ৪/১৩ ধারায় দেওয়ানগঞ্জ থানায় বুধবার মামলা করেছেন।

পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম বলেন, ‘বুধবার সকালে দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয়কেন্দ্রে এসএসসির ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা শুরু হলে ১০ পরীক্ষার্থীর কাছে থাকা মোবাইল সেটে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র পাওয়া যায়। যা পরীক্ষার প্রশ্নের সঙ্গে হুবহু মিলে যায়। পরে তাদেরকে আটক করা হয়। আটক সবাই দেওয়ানগঞ্জ জিলবাংলা সুগার মিল উচ্চ বিদ্যালয়ের ছাত্র।’

তারা হলো এহসানুল হক শান্ত (১৫), তারেকুল ইসলাম (১৫), ইসতিয়াক মাহমুদ নিলয় (১৫), কেএম নওশিন দুর্জয় (১৬), সুনিল বাবু (১৩), ফয়সাল আহম্মেদ (১৬), মাহমুদুল হাসান ওয়ান্তি (১৭), মোফাখারুল ইসলাম ওরফে মনির (১৬),  মোবারক আকন্দ (১৬) ও মো. আনোয়ার হোসেন আবির (১৫)।

পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তাদের অনুষ্ঠিত ও অনুষ্ঠেয় সব পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।’

পুলিষ সুপার আরও বলেন, ‘ওইসব পরীক্ষার্থী প্রত্যেক পরীক্ষার আগে রাজধানী ঢাকার একটি চক্রের মাধ্যমে ফেসবুক থেকে প্রশপত্র সংগ্রহ করে থাকে। বুধবার ইংরেজি পরীক্ষার প্রশ্নও তারা আগে-ভাগেই পেয়ে যায়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে প্রশ্ন ফাঁসের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা মিলেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।’

আরও পড়তে পারেন: 
টাঙ্গাইলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই শিক্ষক আটক