গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা শাওনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি

For-all-editors-psd-by-nadimময়মনসিংহে দুর্বৃত্তের গুলিতে আহত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফি শাওনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অস্ত্রপচারের পর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার্ড করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। পরে রাত ৮টার দিকে শাওনকে সেখানে ভর্তি করা হয়।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার বলেন, ‘অস্ত্রপচারের দুপুর পর্যন্ত শাওনের শারীরিক অবস্থা ভালো থাকলেও দুপুরের দিকে দেখা যায় অস্ত্রপচারের জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’
শাওনের বন্ধু বাবু জানান, রাত সাড়ে ৮টার সময় শাওনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তিনিন আরও জানান, রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় এখানকার চিকিৎসক তাকে বেশ কয়েকটি পরীক্ষা দিয়েছে। শাওন বর্তমানে কথা বলছে এবং অনেকটাই ভালো।
এদিকে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও অভিযোগ না দেওয়ায় কোতোয়ালি মডেল থানা পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, শাওনের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দেয়া হয়নি। একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, রবিবার (২৫ পেব্রুয়ারি) রাত দেড়টার দিকে আকুয়ার চৌরঙ্গি মোড়ের নিজ বাসায় ফেরার পথে গোলপুকুরপাড় এলাকায় বন্ধুদের সঙ্গে রাস্তায় রিকশার জন্য অপেক্ষা করার সময় দুর্বৃত্তরা শাওনের পেটে গুলি করে পালিয়ে যায়। পরে সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
শাওন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম.এ কুদ্দুসের ছেলে।

আরও পড়ুন:  ময়মনসিংহে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গুলিবিদ্ধ