গৌরীপর থানার ওসি দেলোয়ার আহম্মেদ জানান, গোপন খবরের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে রাত সাড়ে ১১টার দিকে গৌরীপুর পৌর এলাকার জেলখানা মোড়ে অভিযানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা চক্রের এক সদস্য পেছন থেকে এসআই আসাদুজ্জামানের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত আসাদুজ্জামানকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরে রাত পৌনে ১টার দেক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. এসকে অপু জানান, ছুরিকাঘাতের কারণে রোগীর শরীর থেকে প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। তার শরীরে রক্ত দেওয়াসহ অস্ত্রোপচার করা হয়েছে। তবে এখনও সম্পূর্ণভাবে আশংকামুক্ত বলা যাচ্ছে।
খবর পেয়ে রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এস. এ নেওয়াজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আসাদুজ্জামনের খোঁজ-খবর নিতে ছুটে আসেন।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত মাদক বিক্রেতাদের দ্রুত গ্রেফতার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের বিশেষ অভিযান চলছে।