মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন, একজনের মৃত্যুদণ্ড

নেত্রকোনানেত্রকোনায় ২০০৭ সালে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে খুন হন এক বাবা। সেই হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরে এই রায় দেন।

রায়ে চারজনকে তিন বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দুইজন বেকসুর খালাস পেয়েছেন।

মৃত্যুদণ্ড পাওয়া মানিক মিয়া (১৮) নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের আসদাটি গ্রামের ওয়ারেছ আলীর ছেলে। তিন বছরের সাজাপ্রাপ্তরা হলো আসদাটি গ্রামের ওয়াহেদ আলী (৬০), মুর্তুজ আলী (৫০), ইয়াদ আলী (৪৫) ও ছোয়াব আলী(২৫)। বেকসুর খালাসপ্রাপ্তরা হলো ওয়ারেছ আলী (৬৫) ও ওয়াজেদ আলী (১৭)।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়েছে, নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের আসদাটি গ্রামের বঙ্কিম চন্দ্র সূত্রধরের মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে মানিক মিয়া উত্ত্যক্ত করতো। ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে বঙ্কিম মানিকের বাড়িতে প্রতিবাদ করতে যায়। তখন মানিক ও তার লোকজন বাঁশ দিয়ে বঙ্কিমের মাথায় আঘাত করে। বঙ্কিম চন্দ্র সূত্রধর ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে মানিক মিয়াসহ ৭ জনকে আসামি করে ২০০৭ সালের ১ অক্টোবর নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ ২০০৮ সালের ২৭ মার্চ সব আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।