ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

বন্দুকযুদ্ধময়মনসিংহে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় পিউ বাবু হত্যা মামলার আসামি সারফান ইসলাম বাবু  নিহত হয়েছে। সোমবার (১৪ মে) ভোরে ময়মনসিংহ নগরীর তিন কোনা পুকুরপাড় এলাকায় এই  ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত ২০ এপ্রিল ইটাখোলা রোডে সারফান ইসলাম বাবুর নেতৃত্বে ৫-৬ জন সন্ত্রাসী পিউবাবুকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলার পর  আসামি সারফানকে ঢাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে সঙ্গে নিয়ে তার সহযোগীদের গ্রেফতারে সোমবার ভোরে গোয়েন্দা পুলিশ তিনকোনা পুকুরপাড় এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সারফানের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এবং সারফানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি চালালে সারফান গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ সারফান বাবুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য সারফানের মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সারফানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।