গফরগাঁওয়ে ‘মাদক ব্যবসায়ীর’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ময়মনসিংহময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের কালিবাড়ি চরে মানিক মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ জুন) সকালে লাশটি উদ্ধার করা হয়। গফরগাঁও থানার ওসি আবদুল আহাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পরিবারের দাবি, গত সোমবার (৩ জুন) মানিককে এলাকার বাজার থেকে ধরে নিয়ে যায় গফরগাঁও থানা পুলিশ।

নিহত মানিক কালিবাড়ি চরের জগত মিয়ার পুত্র।

ওসি বলেন, 'মাদক ব্যবসায়ীদের মধ্যে টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে গোলাগুলি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে হয়তো মানিক মারা গেছে। বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মানিক মিয়ার লাশ উদ্ধার করেছে। এসময় ঘটনাস্থল থেকে ৪৯ পিস ইয়াবা ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।'

তিনি আরও জানান, মানিকের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা আছে। লাশ  ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মানিকের ভাই রজব আলী জানান, গত সোমবার রাতে এলকার বাজার থেকে বাড়ি ফেরার পথে পুলিশ পরিচয়ে তার ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে থানায় গিয়ে মানিকের কোনও সন্ধান পাওয়া যায়নি। এরপর বুধবার সকালে মানিকের লাশ উদ্ধার হয়।